জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি- এমন অভিযোগ তুলে সোমবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেইজে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লেখেন, জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না।
তিনি আরও বলেন, জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে- তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি ব্যক্তিগতভাবে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিচ্ছি।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,আজকের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীদের উপস্থিতিতে ঐতিহাসিক বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।
এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে





































